আজ কিছু কথা শেয়ার করতে ইচ্ছে করছে… !
বাবা মারা যাওয়ার পরের সময়টা আমাদের পরিবারের জন্য খুব কঠিন ছিল। অভাব, দায়িত্ব আর বাস্তবতার সঙ্গে প্রতিদিন যুদ্ধ করতে হয়েছে।
আমার ছোট ভাই খুব ভালো ক্রিকেট খেলতো। একটা সময় আমার খুব ইচ্ছে ছিল, সে বড় হয়ে একজন ক্রিকেটার হোক। কিন্তু বাবাকে হারানোর পর পরিস্থিতি আমাদের স্বপ্নগুলোকে বদলে দিল।
পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে প্রথমে আমি একাই চাকরি শুরু করি। সত্যি বলতে, তখন চাকরি করে সংসার চালানো আমার জন্য অনেক কষ্টের ছিল। আমি চাইনি আমার ছোট ভাইও চাকরিতে ঢুকুক। চেয়েছিলাম, সে তার নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে যাক।
কিন্তু সে আমার কথা শোনেনি। সে বলেছিল, “তুমি একা কষ্ট করবে, আর আমি বসে থাকব—এটা হয় না। আমিও তোমার সঙ্গে চাকরি করব।”
আজও সেই প্রথম মাসের কথা মনে আছে। মাস শেষে সে তার পুরো বেতনের টাকাটা আমার হাতে তুলে দিয়েছিল।
সেদিন হয়তো সে বুঝতেও পারেনি, তার ওই ছোট্ট কাজটা আমার মনে কত বড় একটা সিদ্ধান্ত তৈরি করেছিল।
আমি মনে মনে সেদিনই ঠিক করেছিলাম—
জীবনে যদি কখনো বড় হই, আমরা একসাথেই বড় হবো। আর যদি কখনো গরিব হই, তবুও একসাথেই থাকবো।
আমার ভাইয়ের সঙ্গে কখনো অন্যায় করবো না, কখনো তাকে ঠকাবো না। কারণ সে শুধু আমার ছোট ভাই না—সে আমার কঠিন সময়ের সবচেয়ে বড় সঙ্গী।
আজ আমরা যে অবস্থানে দাঁড়িয়ে আছি, সেখানে আমার চেয়ে আমার ভাইয়ের অবদান কোনো অংশেই কম নয়; বরং অনেক বেশি।
সে যদি সেদিন আমার পাশে এসে না দাঁড়াতো, হয়তো আজ আমরা এখানে এসে দাঁড়াতে পারতাম না।
আমি খুব ভালো করেই জানি, আমার ভাইয়ের মনটা কেমন। তার মন, তার চরিত্র, তার সরলতা—সবকিছুই আমার চেয়ে অনেক সুন্দর।
জীবনে আমি যতটুকুই অর্জন করি না কেন, আমার সবচেয়ে বড় চাওয়া একটাই—
আমার ভাই যেন আমার চেয়েও বেশি সুখে থাকে।
আমার চেয়ে বেশি সফল হোক, আমার চেয়ে ভালো থাকুক।
কারণ জীবনের সবচেয়ে কঠিন সময়ে যে ভাইটা আমার পাশে দাঁড়িয়েছিল, তার সুখের জন্য আমি সারাজীবন দাঁড়িয়ে থাকতেও রাজি।
ভাই শুধু রক্তের সম্পর্ক না, ভাই হলো—দুঃসময়ে পাশে দাঁড়িয়ে প্রমাণ করে দেওয়া একজন মানুষ, “তুমি একা নও।” ❤️



