রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় দুই মামাতো ভাইকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
পুলিশের দাবি, বাড়ির ছাদে ইয়াবা সেবনের দৃশ্য দেখে ফেলায় পরিচয় ফাঁসের ভয়ে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকে একে একে হত্যা করে তারা। শুধু তাই নয়, চারজনকে হত্যার পরও ওই বাড়িতে রাত কাটায় দুই ঘাতক। পরদিন সকালে গোসল ও খাওয়া শেষে স্বর্ণালঙ্কার নিয়ে পাশের একটি পরিত্যক্ত জায়গায় মাটির নিচে পুঁতে রাখে তারা।
গ্রেপ্তার দুইজন হলেন একই এলাকার বাসিন্দা মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস। আজ দুপুরে সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর বর্ণনা দেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল মাবুদ।



