মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হলো পবিত্র আশুরা। দিনটি উপলক্ষ্যে দেশে দেশে আয়োজিত তাজিয়া মিছিলে যোগ দেন হাজার হাজার মানুষ। করোনার বিধি নিষেধ না থাকায়, এবার বাড়তি মাত্রা পেয়েছে পবিত্র দিনটি।
"হায় হোসেন, হায় হোসেন" ধ্বনিতে প্রকম্পিত ইরাকের ঐতিহাসিক কারবালা শহর। মাতমের মাধ্যমে মহানবী হযরত মুহম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রকে সরণ করেন শিয়া সম্প্রদায়ের মানুষ। এই প্রান্তরেই হিজরি ৬১ সালের ১০ মহররম ইমাম হোসেন ও তাঁর ৭২ সঙ্গী ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। বছর ঘুরে সেই দিনটি এলেই অশ্রুসজল হয় কারবালা শহর।
করোনা প্রকোপ না থাকায় এইবারের তাজিয়া মিছিলে বাড়তি মাত্রা যোগ হয়। কড়া নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে এতে অংশ নেয় হাজার হাজার মানুষ।
যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালন করা হয় মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরানে। দিনটি উপলক্ষে রাজধানী তেহরানে তাজিয়া মিছিলে অংশ নেন হাজারো হাজারো শিয়া মুসলিম। এই সময় ইমাম হোসেনের শাহাদাত সরণে নিজেদের শরীরে ছুরির গোছা দিয়ে আঘাত করে মাতম করতে দেখা যায় অনেককে।
ইয়েমেনেও কড়া নিরাপত্তায় শোক মিছিল করে শিয়া মুসলিমরা। শোকবার্তা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে এতে অংশ নেন রাজধানী সানার লাখো বাসিন্দা।
এছাড়াও কড়া নিরাপত্তা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আফগানিস্তানেও পালন করা হয় পবিত্র আশুরা। বের করা হয় তাজিয়া মিছিল। হামলার আশঙ্কায় নিরাপত্তার অংশ হিসেবে তল্লাশি চালায় তালেবান প্রশাসনের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

