মানবপাচার: আমাদের জীবনে এক নীরব ধ্বংসযজ্ঞ

মানবপাচার—শব্দটা শুনলে হয়তো মনে হয়, এটা শুধু সিনেমার গল্প বা দূরের কোনো দেশের সমস্যা। কিন্তু বাস্তবে এটা আমাদের আশেপাশেই ঘটছে, অনেক সময় আমরা দেখেও না দেখার ভান করি। আমি নিজে ব্যক্তিগতভাবে এক পরিচিতজনকে হারিয়েছি এই ভয়ংকর চক্রে। সেজন্যই বিষয়টা আমাকে খুব নাড়া দেয়।

দারিদ্র্য, বেকারত্ব, বিদেশ যাওয়ার লোভ—এই তিনটি জিনিসকে পুঁজি করে কিছু মানুষ অসহায়দের জীবনে নেমে আসে ভয়াবহ অন্ধকার। কেউ যায় ভালো চাকরির আশায়, কেউ জীবনের মান উন্নয়নের স্বপ্নে। কিন্তু বাস্তবে তারা পৌঁছায় এমন এক জায়গায়, যেখানে নেই স্বাধীনতা, নেই মর্যাদা—শুধু শ্রম আর নির্যাতন।

সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো, এই পাচারের জাল এতটাই শক্তিশালী যে একবার যার মধ্যে পড়ে, তার পক্ষে আর সহজে ফিরে আসা সম্ভব হয় না। নারীরা পড়ে যায় দেহব্যবসার ফাঁদে, শিশুরা হয়ে ওঠে শ্রমিক বা অপরাধচক্রের হাতিয়ার। অথচ তারা তো কেবল একটা ভালো জীবনের স্বপ্ন দেখেছিল।

মানবপাচার শুধু ব্যক্তির জীবন ধ্বংস করে না, এটা পুরো সমাজের ভিত নাড়িয়ে দেয়। একজন মানুষ হারিয়ে গেলে তার পরিবার ভেঙে পড়ে, সমাজে তৈরি হয় ভয় ও অনিশ্চয়তা।

এই ভয়ঙ্কর বাস্তবতা থেকে বাঁচতে হলে শুধু সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ভরসা করলেই চলবে না—আমাদেরকেও সচেতন হতে হবে। সন্দেহজনক কেউ বিদেশ পাঠানোর প্রস্তাব দিলে প্রশ্ন করতে শিখতে হবে। নিজের পরিবারের, পাড়ার, এলাকার মানুষের খবর রাখতে হবে।

মানবপাচার রোধ করতে হলে আগে আমাদের চুপ করে থাকা থামাতে হবে। নয়তো একদিন নিজের কাছের মানুষকেও হারাতে হতে পারে—যার শোক সারাজীবন বহন করতে হবে।

Comments