ক্রিপ্টোকারেন্সি—স্বপ্ন না দুঃস্বপ্ন? আমার চোখে দেখা বাস্তবতা


ক্রিপ্টোকারেন্সি এমন এক জিনিস—যা কাউকে গরিব বানায়, আবার কাউকে ফকির। এটা শুনতে মজার লাগলেও, বাস্তবে এসে দাঁড়ালে ব্যাপারটা ভয়ঙ্কর রকম সত্য। আমি নিজেও এই জগতে কিছুটা সময় কাটিয়েছি, আর সেই অভিজ্ঞতা থেকেই বলছি—এটা শুধু টাকার খেলা না, এটা সাইকোলজির, ধৈর্যের, আর শেখার খেলা।

শুরুতে যখন বিটকয়েন, ইথেরিয়ামের নাম শুনি, মনে হয়েছিল এটা বোধহয় ধনীদের খেলা। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারি, এর পেছনে একটা গোটা ইকোসিস্টেম আছে। হঠাৎ করে একদিন লাভ হয়, পরের দিন বিশাল লস। যে কয়েন গতকাল হাজারগুণ লাভ দিচ্ছিল, আজ সে একেবারে ধুলায় মিশে যেতে পারে। এই মার্কেট কাউকে রেহাই দেয় না—না নতুনদের, না পুরাতনদের।

আর সবচেয়ে ভয়ানক বিষয় হলো—ভুল সিদ্ধান্ত একবার নিলে তা শুধরানো খুব কষ্টকর। আমি দেখেছি মানুষ লোভে পড়ে সব কিছু বিক্রি করে একটা কয়েনে ঢুকেছে, আবার রাতারাতি সব হারিয়ে নিঃস্ব হয়েছে। আমি নিজেও একবার এক কয়েনে ইনভেস্ট করে এমনভাবে লস খেয়েছিলাম, সেটা আজও ভুলতে পারি না।

তবে এখান থেকে একটা জিনিস শিখেছি—শুধু অন্যকে দেখে ইনভেস্ট করা যাবে না। বুঝে শুনে, শেখার পরেই পা বাড়ানো উচিত। আর কখনোই এমন টাকা ইনভেস্ট করা উচিত না, যেটা হারালে জীবন ব্যাহত হয়।

সবশেষে বলব, ক্রিপ্টো একটি সম্ভাবনাময় জগৎ, কিন্তু এটা ‘গেট রিচ কুইক’ স্কিম না। ধৈর্য, জ্ঞান, আর বাস্তববোধ থাকলে তবেই সফলতা আসবে।

Comments