এলোমেলো আলোকচিত্র

M
mdtamim1
আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই সুস্থ। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি।

বিগত কদিন খুবই ব্যস্ততার মধ্যে কেটে গেলো। দিনের বেশি সময়টা মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়ালাম। উদ্দেশ্য একটাই ছিলো জমির কিছু হলেও তত্বাবধান করা। ছুটে চলার মধ্যেই গত কদিনে আমি সব মিলিয়ে প্রায় চল্লিশ কিলোমিটার হেঁটে ফেলেছি। যদিও বেশিরভাগ সময়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়ালেও বসবার কোনো সুযোগ কিংবা উপায় কিছুই আমার ছিল না। সেসবের মাঝে একটা সময় সুযোগ পেলাম যখন ঘন্টাখানেক গাছের ছায়ায় বসার সুযোগ হয়েছিল। হেঁটে বেড়ানোর কারনে যেসব জিনিস আমরা চোখেই আসেনি তা গাছের তলায় বসতেই সব যেন পরিস্কার হতে শুরু করলো। আমার নজর গেলো মাটির কাছে থাকা নানান ফুলের দিকে। ঘাসের মধ্যে মিশে থাকা ফুলগুলো অসম্ভব সুন্দর লাগছিল। যেগুলো দেখে আমি বাধ্য হলাম ক্যামেরাবন্দি করতে। সেগুলোই আপনাদের সামনে ভাগ করে নেবো।

যে ছবি দিয়ে শুরু না করলেই নয়। যেসব জমিতে আগেই ধান লাগানো হয়েছিল তাতে ধানের শীষ সবে বেরোনো শুরু হয়েছে। মিষ্টি রোদ্দুরের ফাঁকে ধানের সবুজ রং ধীরে ধীরে সোনালী হওয়ার পালা শুরু করেছে। বর্তমানে গ্রাম বাংলার মাঠে ঘাটে যে দিকেই যাওয়া যাক না কেন এই চিত্র আমাদের নজর কাড়বেই।

নাম না জানা এই ফুলটি ছোটো হলেই খুবই সুন্দর। মাটির খুব কাছে গিয়ে তবেই আমি ফুলটির ছবি তুলতে সক্ষম হয়েছি। গুগল লেন্সের সাহায্য নিয়ে ফুলটির নাম অনেক খুঁজলাম তবে কিছুতেই সঠিক নাম পেলাম না।

লজ্জাবতী নামটি যে তার। আগে সচরাচর নজরে পড়লেও আজকাল দূর্লভ হতে বসা লজ্জাবতীর ফুল। আমিও অনেক দিন পরে দেখলাম। ইচ্ছে ছিলো লজ্জাবতীর পাতায় হাত দেওয়ার তারপর ভাবলাম আর জ্বালাতন করে ওকে লজ্জা দেবো না। হাঃ হাঃ।


গুল্ম গাছে উজ্জ্বল হলদে রঙের ফুল নজর পড়তেই ছবি তুলে নিলুম। যদিও প্রথম বার দেখে মনে হয়েছিলো হয়তো ছোটো সাইজের লাউ হবে তারপর কাছে গিয়ে মনে হলো লাউ গাছ এতো ছোটো হয় না তো। খিক খিক।

গুগল লেন্সের সাহায্য ফুলটির বাংলা নাম জানতে পারলাম, হলুদ কলমি। আর বৈজ্ঞানিক নামটি হলো Merremia hederacea। প্রথম দেখায় দূর থেকে গাঢ় হলুদ মনে হলেও কাছে গিয়ে ছবি তোলার সময় বুঝলাম ফুলটির রং একদম হালকা।

সবুজের রাজ্যে হলুদ। আকারে ছোটো হলেও শুধু রঙের জন্য নজর কেড়ে নিলো আমার। মাটির যেদিকেই চোখ ফিরিয়েছি শুধু প্রাণ খুঁজে পেয়েছি। যতোই মাটির কাছে যেতে থাকলাম নতুন নতুন মণি মুক্তো যেন ঠিকরে বেরোতে থাকলো।


Comments

mdtamim0
wow