কাশ্মীর আক্রমণ পরিকল্পনা

A
arif567
কাশ্মীর আক্রমণের পরিকল্পনা : মাওলানা ইসমাইল রাহ, বালাকোটে অবস্থানরত অবস্থায় কাশ্মীরের একটি প্রতিনিধি দল মাওলানার সাথে দেখা করে এ মর্মে আবেদন পেশ করে যে, বালাকোটে মুসলিম বাহিনীর আগমনে আমরা অত্যন্ত খুশী হয়েছি। এখান থেকে কাশ্মীর মাত্র তিন মনজিলের পথ। আমরা দু'আ করছি যে, আল্লাহ তা'আলা মুসলিম বাহিনীকে সত্বর আমাদের দেশে নিয়ে আসুন, যাতে আমরাও কাফিরদের জোর-জুলুমের হাত থেকে নাজাত পাই এবং আমীরুল মুমেনীনের নেতৃত্বাধীন ইসলামী হুকুমতের ছত্রচ্ছায়ায় স্বাধীনভাবে ইসলামী বিধি-বিধান ও কুরআন সুন্নার অনুসরণ করে চলতে পারি। এ প্রেক্ষিতে মাওলানা ইসমাইল কাশ্মীর অভিযানের অভিপ্রায়ের কথা সুচনে সাইয়্যিদ সাহেবকে জানান। সাইয়্যিদ সাহেব সুচনের সরদার হাসান আলী খান ও হাবীবুল্লাহ খানের সঙ্গে পরামর্শ করলে তাঁরা বললেন যে, আপনি কাশ্মীর যেতে ইচ্ছা করলে অনায়াসে যেতে পারবেন। কিন্তু যদি এখানকার শিখ বাহিনীকে পরাস্ত করে না যান, তাহলে আপনাদের চলে যাওয়ার পর শিখরা এ অঞ্চলের জনগণের উপর এই অভিযোগ এনে সীমাহীন নির্যাতন চালাবে যে, তোরাই পথ দেখিয়ে মুজাহিদ বাহিনীকে এখানে নিয়ে এসেছিস এবং কাশ্মীরে পৌঁছার পথ তৈরি করে দিয়েছিস। আর যুদ্ধ করে শিখদের পরাস্ত করে কাশ্মীরের দিকে অভিযান করলে আমরাও আপনাদের সঙ্গে যেতে পারব। মুসলমানরা নির্যাতিত হবে না। একথা শুনে তিনি কাশ্মীর অভিযান আপাততঃ মুলতবী রাখতে নির্দেশ দেন। আমীর হিসাবে তাঁর নির্দেশ মেনে নিলেও মাওলানা ইসমাঈলের কাছে এ সিদ্ধান্ত মনোপুতঃ হয়নি।

Comments