
বিএনপি–জামায়াতের ব্যাপারে সবাইকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমরা সৃষ্টি করি, আর তারা (বিএনপি–জামায়াত) ধ্বংস করে। কিন্তু এই ধ্বংস যেন আর করতে না পারে। মানুষকে পুড়িয়ে মারবে, এটা সহ্য করা যায় না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার নবনির্মিত রেলস্টেশনের ফলক উন্মোচনের মাধ্যমে আইকনিক কক্সবাজার রেলওয়ে স্টেশনের সঙ্গে দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। এর মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার সরাসরি রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হলো।
দেশে এত উন্নয়নের পরও যারা উন্নয়ন দেখে না, তাদের বর্তমান সরকারের করে দেওয়া আধুনিক জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ১০ টাকার টিকিট কিনে চোখের চিকিৎসা করানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘আসলে এটা তাদের চোখের দোষ নয়, মনের দোষ। আজকে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা, বাসে, রেলে আগুন দেওয়া হচ্ছে। আমরা রেলের জন্য যেসব নতুন লোকামোটিভ এনেছিলাম, সেগুলোও আগুন দিয়ে তারা পুড়িয়েছে। যারা এত বীভৎস কাজ করতে পারে; এই দুর্বৃত্তপরায়ণতায় যারা জড়িত তাদের চোখ নয়, আসলে মনই অন্ধকার। কাজেই এদের ব্যাপারে সকলকে সাবধান থাকতে হবে। কারণ, এরা ধ্বংস জানে সৃষ্টি করতে পারে না। আমরা সৃষ্টি করি, আর তারা ধ্বংস করে। কিন্তু এই ধ্বংস যেন আর করতে না পারে। মানুষকে পুড়িয়ে মারবে, এটা সহ্য করা যায় না।’

