এনআইডি করতে ‘বিড়ম্বনা’র অবসান চায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী

A

জাতীয় পরিচয়পত্র করতে গিয়ে ‘বিড়ম্বনা’র সমাধান চেয়েছে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী।

পাশাপাশি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে তিনটি সংরক্ষিত আসন বরাদ্দেরও দাবি জানিয়েছে তারা।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের কাছে এসব দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকও করেছেন এ জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সদস্যরা।

প্রচলিত শব্দে ‘হিজড়া’ হিসেবে পরিচিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ও ট্রান্সজেন্ডারদের জীবনমান উন্নয়নে কাজ করা ‘সুস্থ জীবন’ নামের একটি বেসরকারি কমিউনিটিভিত্তিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ স্মারকলিপি দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পার্বতী আহমেদ সাংবাদিকদের বলেন, “এনআইডি কার্ড করতে ও সংশোধন করতে গিয়ে নানা ধরনের বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। আমাদের অনেকেরই পুরুষ আইডি কার্ড আছে। এখন সেটা নিয়ে কোথাও গেলে সেটা একসেপ্ট করে না। কারণ আইডি কার্ড একরকম আর দেখতে আরেক রকম। অনেক হয়রানির শিকার হতে হয়।”

এসব দাবি পর্যালোচনার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন।

Comments