
কানাডার সঙ্গে ভারতের সম্পর্কের আরও অবনতি হলো। আজ বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ভারত। প্রায় একই সঙ্গে শোনা যাচ্ছে, কানাডাও ভারতে তাদের হাইকমিশনের কর্মী সংখ্যা অনেক কমিয়ে দিতে চলেছে। এটা সত্য হলে একই ব্যবস্থা ভারতও গ্রহণ করবে।
ভিসা দেওয়া আপাতত বন্ধ রাখার খবর ভারত আনুষ্ঠানিকভাবে এখনো জানায়নি। যদিও অনলাইন ভিসা দেওয়ার কাজ যে সংস্থা করে সেই ‘বিএলএস ইন্টারন্যাশনাল’ এক বিজ্ঞপ্তি জারি করে বলেছে, প্রয়োগ–সংক্রান্ত কারণে আপাতত ভারতীয় ভিসা পরিষেবা স্থগিত রাখা হয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তি পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে।
স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানানো খালিস্তানি আন্দোলনের বিরুদ্ধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ নিয়ে কানাডার সঙ্গে ভারতের টানাপোড়েন বেশ কিছুকাল ধরেই চলছে। ভারতের চোখে খালিস্তানপন্থী বিচ্ছিন্নতবাদী শিখ সম্প্রদায়ের হরদীপ সিং নিজ্জর গত জুনে খুন হন। তাঁর হত্যাকাণ্ডের পেছনে ভারতের এজেন্টদের হাত ছিল এমন ‘বিশ্বাসযোগ্য তথ্য’ তাঁদের হাতে রয়েছে বলে সম্প্রতি জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
এই অভিযোগে কানাডা ভারতীয় দূতাবাসের এক শীর্ষ কর্তাকেও বহিষ্কার করে। তারপর থেকেই দুই দেশের সম্পর্কের দ্রুত অবনতি ঘটতে থাকে। ভিসা বন্ধ ও দূতাবাসের কর্মী সংখ্যা কমানোর সিদ্ধান্ত তারই অঙ্গ। পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতও কানাডা দূতাবাসের এক শীর্ষ কর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।
ভারত-কানাডা সম্পর্ক এমন খারাপ পর্যায়ে কোনো দিন নামেনি। কানাডার সঙ্গে এভাবে ভিসা সম্পর্কে সাময়িক ছেদ করার ঘটনাও এই প্রথম। কোভিডের সময় অবশ্য বহু দেশের নাগরিকদের জন্যই ভিসা স্থগিত রাখা হয়েছিল। কিন্তু তা ছিল অন্য বিষয়।

