চীনের ঝেংঝৌ শহর। বুধবার সকালে সেখানে কুয়াশা পড়েছে খুব। এ শহরে ইয়েলো নদীর ওপর একটি সেতুতে দুর্ঘটনা ঘটে। এতে একটি কিংবা দুটি নয়, দুই শতাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছেন একজন।
উদ্ধারকারী ও রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির খবর সূত্রে এসব তথ্য জানা গেছে। যে সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটেছে, সেটির নাম ঝেংজিং হুয়াংহে ব্রিজ। ইয়েলো নদীর ওপর অবস্থিত এ সেতু ঝেংঝৌ ও শিনজিয়াংকে যুক্ত করেছে। সিসিটিভির খবরে বলা হয়েছে, সেতুর ওপর বিপরীতমুখী দুটি পথ রয়েছে। দুই পাশেই এমন সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সেখানে কুয়াশার কারণে ৫০০ মিটারের বেশি দূরে দেখা যায় না। চীনের স্থানীয় আবহাওয়া অফিস বলছে, বুধবার সকালে ওই এলাকায় কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার নিচে নেমে আসে। এতেই ঘটে দুর্ঘটনা। ধারণা করা হচ্ছে, প্রথমে দুটি গাড়ির সংঘর্ষ হয়েছে। এরপর একের পর এক গাড়ি এসেছে আর একে অপরকে ধাক্কা দিয়েছে।
ঝেংজিং হুয়াংহে ব্রিজের এ দুর্ঘটনায় অনেকে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। এ উদ্ধারে কাজ করছে ১১টি ট্রাক ও অগ্নিনির্বাপণ বিভাগের ৬৬ কর্মী। দুর্ঘটনার পরপরই ওই সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে ঠিক কতজন আহত হয়েছেন, সেই হিসাব দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

