অনেক বাড়ির ফটকে লেখা থাকে ‘কুকুর হইতে সাবধান’। অবাঞ্ছিত আগন্তুকের জন্য সতর্কবাণী। আবার অনেকে এমনিতেই কুকুর ভয় পান। ‘ঘেউ’ শুনলেই যেন আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়। অথচ কুকুর অতটা ভয় পাওয়ার মতো কোনো প্রাণী নয়। অহেতুক ভয় কিংবা ঘৃণার কারণেই কিংবা নিছক খেলার ছলেই হোক, মানুষ নিজে কুকুরের সঙ্গে ভুল আচরণ করে। মানুষের এই আচরণগত ভুলের কারণেই কখনো কখনো কুকুর উত্তেজিত হয়ে পড়ে।

একটু ভেবে দেখুন। আপনাকে যদি কেউ খোঁচায়, আঘাত করে, বিরক্ত করে, আপনি নিশ্চয়ই একপর্যায়ে রেগে যাবেন? কুকুরের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তা–ই। কুকুরও রেগে যায়। ঘেউ ঘেউ করে, তাড়া করে। অথচ এই কুকুরকেই কেউ সামান্য একটু খাবার দিলে, একটু আদর দিলে, সে তার জীবনজুড়ে বিশ্বস্ত থাকে।
রাজধানীর গুলশান–বাড্ডা লিংক রোডের বিশ্বাস ভেটেরিনারি ক্লিনিকের প্রাণিচিকিৎসক সুশ্যাম বিশ্বাস বলেন, ‘কুকুর কখনো অকারণে আক্রমণ করে না। আপনি যদি কোনো কুকুরকে ঢিল ছোড়েন কিংবা তার বাচ্চাকে আঘাত করেন, তাহলে সে আপনাকে তাড়া করতে পারে। আবার আপনি কুকুর দেখে হঠাৎ ভয় পেয়ে দৌড় দিলেও সে আপনাকে সন্দেহভাজন মনে করতে পারে। তাই মনের মধ্যে ভয় থাকলেও আচরণে প্রকাশ করা যাবে না। স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে যেতে হবে। তা ছাড়া কুকুর দেখলেই চিৎকার করে ওঠা কিংবা কুকুরকে তাড়াতে যাওয়াও উচিত নয়।’

