এই তো কদিন আগেও বিরাট কোহলিকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন অনেকে। ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব থেকে শুরু করে সাবেক ক্রিকেটারদের অনেকে সে সময় ছন্দহীন কোহলিকে বাদ দেওয়ার কথা বলেছিলেন। তবে পাশার দান ঠিকই পাল্টে দিয়েছেন কোহলি। এশিয়া কাপ দিয়ে ছন্দে ফেরা কোহলি, গতকাল পাকিস্তানের বিপক্ষে খেললেন ক্যারিয়ারের অন্যতম সেরা টি-টোয়েন্টি ইনিংসটি।
দুর্দান্ত এই ইনিংসের পর কোহলিকে নিয়ে ক্রিকেট–বিশ্বের সুরও এখন বদলে গেছে। এমনকি পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটাররাও মেতেছেন কোহলি–বন্দনায়।
পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম যেমন কোহলিকে ‘ভিনগ্রহের’ বলে মন্তব্য করেছেন। আরেক সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক বলেছেন, কোহলিকে ছাড়া ভারতের বিশ্বকাপ জেতা সম্ভব নয়।
আগেও অনেকবার কোহলির প্রশংসায় মেতেছিলেন ওয়াসিম। তবে নিজ দেশের বিপক্ষে কোহলির ৫৩ বলে ৮২ রানের অনবদ্য ইনিংসটির পর প্রশংসার মাত্রা যেন আকাশ ছুঁয়েছে।
পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জেতা কিংবদন্তি এই পেসার বলেছেন, ‘সে আমাদের মধ্যে চলতে-ফিরতে থাকা একজন এলিয়েন (ভিনগ্রহের প্রাণী)। সাম্প্রতিক কালে কিংবা আধুনিক গ্রেটদের মধ্যে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে আমি তাকে দেখি। ১৫ বছর ধরে সে রান করে চলেছে। আর রান তাড়ার সময় তা গড় সবার সেরা।’

