ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের একটি প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ ১৭টি দেশ। দুটি দেশ প্রস্তাবের বিরোধিতা করেছে।
তবে এরপরও প্রস্তাবটি পাস হয়েছে। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের মেয়াদ আরও এক বছর বাড়ানোর জন্য গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) এ ভোটাভুটি হয়। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের মধ্যে যুদ্ধাপরাধের অপরাধ তদন্তের মেয়াদ আরও এক বছর বাড়ানোর জন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) প্রস্তাবটি তোলে।
প্রস্তাবে ১৭টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। ওই প্রস্তাবের ওপর ভোটাভুটিতে ২৮টি দেশ খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয়। প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেওয়া দুটি দেশ হচ্ছে চীন ও ইরিত্রিয়া।

