হলিউড সিনেমায় অন্তরঙ্গ দৃশ্য হরহামেশা দেখা গেলেও বলিউডে অনেক দিন ধরেই এটা ছিল বড় ট্যাবু। তবে ইদানীং হিন্দি সিনেমা, ওয়েব সিরিজে নিয়মিতভাবে নায়ক-নায়িকার ঘনিষ্ঠ দৃশ্য দেখা যাচ্ছে। হলিউডে এ ধরনের দৃশ্য পরিচালনার জন্য আলাদা পরিচালক থাকেন, যাঁদের বলা হয় ‘অন্তরঙ্গ দৃশ্য সমন্বয়ক’। সম্প্রতি বলিউডও ঘনিষ্ঠ দৃশ্য আরও বিশ্বাসযোগ্য করার জন্য অন্তরঙ্গ দৃশ্য দেখভালের আলাদা পরিচালক নিয়োগ দিচ্ছে।
নাগেশ কুকুনুরের ওয়েব সিরিজ ‘সিটি অব ড্রিমস’-এ বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল অভিনেতা ইজাজ খানের। তিনি জানালেন দৃশ্যগুলোর শুটিং শুরুর আগে তাঁর অস্বস্তির কথা, ‘পর্দায় অন্তরঙ্গ দৃশ্য নিয়ে আমার কিছুটা সমস্যা ছিল, বিশেষ করে চুমুর দৃশ্য নিয়ে।’ কেবল ইজাজই নন, এ সমস্যা থাকে অনেক অভিনেতা–অভিনেত্রীর। এ সমস্যা কাটতে বলিউড পরিচালকেরা এখন দ্বারস্থ হচ্ছেন অন্তরঙ্গ দৃশ্যের সমন্বয়কদের।
আস্থা খান্না বলেন, তিনি অন্তরঙ্গ দৃশ্যে শুটিং আরও নিরাপদ করতে চান। মূলত নগ্ন দৃশ্য, নায়ক-নায়িকার ঘনিষ্ঠ দৃশ্য ও পর্দায় যৌন সহিংসতার দৃশ্যগুলো যেন ঠিকঠাকভাবে হয়, সেটাই দেখভাল করেন তিনি। আস্থা বলেন, ‘অ্যাকশন দৃশ্যের জন্য স্টান্ট সমন্বয়ক, নাচের দৃশ্যের জন্য কোরিওগ্রাফার থাকেন। কিন্তু এটা অদ্ভুত যে বলিউড ছবির ঘনিষ্ঠ দৃশ্যের জন্য আলাদা কোনো পরিচালক ছিলেন না।’ তবে তিনি মনে করেন, বলিউডে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের জন্য দিকনির্দেশনা থাকা প্রয়োজন।
নিজের কাজ প্রসঙ্গে আস্থা বলেন, ‘শুরুতে দৃশ্যটি নিয়ে পরিচালকের দর্শন অনুযায়ী অভিনয়শিল্পীদের সঙ্গে কথা বলি। কী করা যাবে আর যাবে না, সে সীমারেখা নির্ধারণ করি। এটাও নিশ্চিত করি, পোস্ট–প্রোডাকশনে যেন দৃশ্যটিতে কোনো পরিবর্তন করা না হয়।’

