মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোনো ধরনের সমন্বয় ছাড়াই পারমাণবিক অস্ত্র থাকায় পাকিস্তানকে ‘সম্ভবত বিশ্বের অন্যতম সবচেয়ে বিপজ্জনক দেশ’ অ্যাখ্যা দিয়েছেন।
বৃহস্পতিবার ডেমোক্রেটিক কংগ্রেসনাল ক্যাম্পেইন কমিটির অভ্যর্থনা অনুষ্ঠানে দেওয়া ব্ক্তব্যে তিনি এ মন্তব্য করেন, শনিবার জানিয়েছে ডন।
ওই বক্তব্যের প্রতিলিপি হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তাতে বাইডেন বলেছেন, “আমার মনে হয় সম্ভবত বিশ্বের অন্যতম ভয়াবহ বিপজ্জনক দেশ হচ্ছে পাকিস্তান। পারমাণবিক অস্ত্র আছে কিন্তু সমন্বয় নেই।”
পরিবর্তিত বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিশ্ব দ্রুত বদলাচ্ছে আর দেশগুলোও তাদের মিত্রতার বিষয়ে নতুন করে চিন্তাভাবনা করছে।
“আসল ব্যাপারটা হচ্ছে, আমি সত্যি সত্যি তা বিশ্বাসও করি, আর তা হল বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। মজা করছি না। এমনকি আমাদের শত্রুরাও আমরা কীভাবে এখান থেকে বের হই, কী করি সেদিকে তাকিয়ে আছে,” বলেন বাইডেন।

