তেলাপোকা মারার ওষুধ: ঘরে ঢুকেই তীব্র ঝাঁজালো গন্ধ পেয়েছিলেন তাঁরা

A
বাবার সঙ্গে দুই ভাই শাহির মোবারক (৯) ও শায়ান মোবারক (১৫); এই দুই ভাই এখন শুধুই স্মৃতি
বাবার সঙ্গে দুই ভাই শাহির মোবারক (৯) ও শায়ান মোবারক (১৫); এই দুই ভাই এখন শুধুই স্মৃতিছবি: সংগৃহীত

নতুন ফ্ল্যাট কিনে সপ্তাহ দুয়েক আগেই তিন ছেলেমেয়েকে নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ওই বাসায় উঠেছিলেন মোবারক হোসেন ও শারমিন জাহান দম্পতি। নতুন ভবন হলেও সেখানে ছিল তেলাপোকার উৎপাত। স্কুলপড়ুয়া ছেলেরা তেলাপোকা ভয় পেত। সে কারণে ডাকা হয়েছিল পোকামাকড় নিধন প্রতিষ্ঠানের কর্মীদের। কিন্তু তাঁদের কাজ শেষে বাসায় ফিরে আর বসবাস করা হলো না পরিবারটির দুই ছেলের। গত রোববার এক দিনেই শায়ান মোবারক (১৫) ও শাহির মোবারক (৯) মারা যায়।

আজ মঙ্গলবার সকালে ওই বাসায় গিয়ে দেখা যায়, ক্ষণে ক্ষণে ছেলেদের নাম ধরে ডাকাডাকি করে হাহাকার করছিলেন মা শারমিন জাহান। মাঝেমধ্যেই তিনি ঘোরের মধ্যে চলে যাচ্ছিলেন। বড় ছেলে সকালের নাশতার অর্ডার (অ্যাপের মাধ্যমে) দিয়েছে কি না, জানতে চাইছিলেন তিনি। বারবার তিনি বলছিলেন, তাঁর ছেলেরা কত লক্ষ্মী, কত সুন্দর! ২৮ জুন শাহির ১০ বছরে পা দেবে। ছেলে প্রতিদিন গুনত, কবে জন্মদিন আসবে! মায়ের পাশে শোকাহত বাবা মোবারক হোসেন পাথরের মতো বসে ছিলেন।

রোববার ভোরে অসুস্থ হয়ে পড়লে শায়ান ও শাহিরকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানকার চিকিৎসকেরা জানিয়েছেন, বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বিষের উৎস হিসেবে পরিবার ধারণা করছে, তেলাপোকা মারার ওষুধ।

Comments